ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে করা সমঝোতা স্মারকে ফিরে যেতে চায় তেহরান। কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, ওয়াশিংটনের চাপে ইরান নতি স্বীকার করবে না।
চীন ওই সমঝোতা পুনরুজ্জীবিত করার পক্ষে অবস্থান নেওয়ায় স্বাগত জানিয়েছেন পেজেশকিয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানও এই অবস্থানকে সমর্থন করে এবং ওই সমঝোতায় ফিরে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।’
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে কয়েক মাস ধরে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে এসব প্রচেষ্টা এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি।
গত জুনের সমঝোতার লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির পথ তৈরি করা। কিন্তু চুক্তিটি হওয়ার পরপরই তা ভেঙে পড়ে।
চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে বলে আশাবাদ তৈরি হয়েছিল। তবে বুধবার জাতিসংঘে দেওয়া এক দৃঢ় বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না।
এর এক দিন পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ‘এই যুদ্ধ চালিয়ে যেতে চায় না’।
তবে যুদ্ধ বন্ধের উদ্যোগ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে জানান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন। তবে ওই আলোচনায় তাৎক্ষণিকভাবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।