মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।
চূড়ান্ত পর্বের সেরা পাঁচে জায়গা করে নেয় ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোর প্রতিযোগীরা। শেষ পর্বে প্রত্যেক প্রতিযোগীকে একই প্রশ্ন করা হয়- ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী প্রয়োজন?’
প্রশ্নের উত্তরে জেনিফার বারেতো বলেন, বিশ্বের এখন এমন নেতা প্রয়োজন, যারা পেশাগতভাবে সহমর্মী। তার ভাষায়, মানুষ প্রায়ই অন্যদের বিচার ও প্রশ্নবিদ্ধ করে। কিন্তু একজন নেতার উচিত নিজের মূল্যবোধে অটল থাকা, উদাহরণ তৈরি করা এবং নেতৃত্বের মান আরও উঁচুতে নিয়ে যাওয়া।
নতুন মিস ইউনিভার্স মনে করেন, মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব দিতে হবে। নেতারা যদি নিজ নিজ জনগোষ্ঠীর কথা শোনেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে সমাজে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে দেশটির হয়ে এই মুকুট জিতেছিলেন মারিসল মালারেত (১৯৭০), ডেবোরা কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) ও জুলেইকা রিভেরা (২০০৬)।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিজেদের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতল পুয়ের্তো রিকো। এর আগে ২০০১ সালে দেশটিতে আয়োজিত প্রতিযোগিতায় ডেনিস কুইনোনেস বিজয়ী হয়েছিলেন।
মিস ইউনিভার্সের ৭৫তম আসর ছিল প্রতিযোগিতাটির হীরকজয়ন্তী। এ উপলক্ষে উন্মোচন করা হয় বিশেষ মুকুট। আয়োজকদের তথ্য অনুযায়ী, মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক হিসেবে মুকুটটির নাম দেওয়া হয়েছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’।
এবারের আসরে ১৩০টির বেশি দেশের প্রতিযোগী অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতা, ফ্র্যাঞ্চাইজি বিরোধ এবং ব্যক্তিগত কারণে কয়েকটি দেশের প্রতিযোগীরা সরে দাঁড়ান। অস্ট্রিয়ার ভিক্টোরিয়া আমারসন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে প্রতিযোগিতা থেকে সরে যান। গাড়ি দুর্ঘটনার কারণে অংশগ্রহণ প্রত্যাহার করেন বুলগেরিয়ার আনা-মারিয়াও।
এ ছাড়া করপোরেট ও ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত বিরোধের কারণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া এবারের আসরে অংশ নেয়নি। ভিসা জটিলতার কারণে নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিযোগীরাও অংশ নিতে পারেননি।
এবারের প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোনকার জাতীয় পোশাক পর্ব নিয়েও বিতর্ক তৈরি হয়। জেরুজালেমের পুরোনো শহরের আদলে তৈরি সোনালি রঙের পোশাক পরে মঞ্চে আসেন তিনি। পোশাকে ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে পোশাকটির বার্তা নিয়ে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। মঞ্চে তাকে দুয়োও দেওয়া হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কোলিসিয়ামে। আগামী ৭৬তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভিয়েতনামে।