মূল সংবাদে যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনা দলের নেতৃত্ব কে আসছেন জানেলেন কোচ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মেসির পর আর্জেন্টিনা দলের নেতৃত্ব কে আসছেন জানেলেন কোচ

জোরালো গুঞ্জন চলছিল গত কিছুদিন ধরেই। এবার চলে এলো পাকা ঘোষণাও। মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হবেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করলেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

চলমান ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৪ অক্টোবর বুরকিনাফাসো ও ৭ অক্টোবর বেনিনের মুখোমুখি হবে তারা।

এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। ২০১১ সাল থেকে টানা ১৫ বছর ধরে তিনি ছিলেন আলবিসেলেস্তেদের নেতৃত্বে।

ম্যাচগুলো সামনে রেখে এখন প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। দলটির অনুশীলন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, বেনিনের বিপক্ষে ম্যাচের পর থেকে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন রোমেরো। এছাড়া, প্রয়োজন পড়লে আরও কয়েকজন এই দায়িত্ব কাঁধে নিতে পারেন।

স্কালোনি বলেছেন, ‘অধিনায়ক হবে কুতি (রোমেরো)। লিও (মেসি) ও ওতার (নিকোলাস ওতামেন্দি) পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল।

এছাড়া, এমিলিয়ানো মার্তিনেজ আছে, সে এই আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো (দি পল), যে প্রথম দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাউতারোও (মার্তিনেজ) পরতে পারে।’

ভক্ত-সমর্থকরা যখন মেসির বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন, ঠিক তখনই নতুন অধিনায়ক হিসেবে রোমেরোর নাম ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ।

তার মতে, অ্যাতলেতিকো মাদ্রিদের এই সেন্টার ব‍্যাক রক্ষণ সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দিতে ও নির্দেশনা দিতে পারবেন।

এই মৌসুমের শুরুতে টটেনহ্যাম হটস্পার ছেড়ে অ্যাতলেতিকোতে যোগ দেওয়া রোমেরোর জন্য অবশ্য আর্জেন্টিনার অধিনায়কত্ব করা নতুন নয়।

এবার আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পেলেও এর আগে তাকে বিভিন্ন কারণে এইক ভূমিকায় দেখা গেছে। আন্তর্জাতিক মঞ্চে এখন পর্যন্ত মোট তিনবার তিনি ছিলেন অধিনায়ক।

গত বছরের জুনে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন রোমেরো।

পরে অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে এবং চলতি বছরের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেতৃত্ব দেন ২৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শনিবার দেখা যাবে ২০২৬ সালের ‘হারভেস্ট মুন’

পরের সংবাদ

জামায়াত-আওয়ামী লীগের পুরোনো প্রেম জেগে উঠেছে: রাশেদ খাঁন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।